রাজনীতি

আজ ১৬ জুলাই শেখ হাসিনার কারাবন্দি দিবস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ১৬ জুলাই। তিনি ২০০৭ সালের আজকের দিনে ১/১১-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাবন্দি হন। প্রায় ১১ মাস কারাবন্দি থাকার পরে জামিনে মুক্তি পান শেখ হাসিনা।সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই ধানমণ্ডির বাসভবন সুধা সদন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়।
সেদিন ভোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য বেআইনিভাবে ধানমন্ডির বাসভবন সুধা সদন ঘেরাও করে। সকাল সাড়ে ৭টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা সুধা সদন থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এবং ঢাকার সিএমএম আদালতে হাজির করে। আদালতের কার্যক্রম শুরুর নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগেই আওয়ামী লীগ সভাপতির জামিন আবেদন আইন বহির্ভূতভাবে নামঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

শেখ হাসিনাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের হীন-রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

গ্রেপ্তার পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠির মাধ্যমে দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান।

আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ ওঠে। দেশ-বিদেশের নানা চাপের মুখে ২০০৮ সালের ১১ জুন শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হয়।

মতামত দিন