বিএনপির নিরঙ্কুশ বিজয়
চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা আর ব্যালট বিপ্লবের ঐতিহাসিক এক সন্ধিক্ষণে নতুন বাংলাদেশ গঠনের রায় দিয়েছে দেশবাসী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা যাচ্ছে, ইতোমধ্যে ২০০টির বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন, যা দলটিকে এককভাবে সরকার গঠনের শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।
সর্বশেষ ২৮৮টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ২০৮টি আসনে জয় পেয়েছে বিএনপি জোট, ৬৮টি আসনে জয় পেয়েছে জামায়াত জোট এবং ১২টি আসনে স্বতন্ত্র এবং অন্যান্য দলের প্রার্থীরা বিজয়ী হয়েছে। বাকি আসনগুলোতেও বিএনপির প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসছে। বেসরকারি ফলাফলে উল্লেখযোগ্য বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন—ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান, ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতামত দিন